যশোরে জনসভায় প্রধানমন্ত্রীর বার্তা: বিশৃঙ্খলা রোধে সর্বস্তরের সতর্কতার আহ্বান

যশোরে জনসভায় প্রধানমন্ত্রীর বার্তা: বিশৃঙ্খলা রোধে সর্বস্তরের সতর্কতার আহ্বান
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

যশোর সংবাদদাতা:

দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতে দীর্ঘ সময়ের অচলাবস্থা সৃষ্টির মতো কর্মসূচি আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

তিনি অভিযোগ করেন, কিছু মহল রাজনৈতিক ইস্যু ও সাম্প্রতিক ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণের কল্যাণে নেয়া উদ্যোগগুলোর সঙ্গে এসব প্রচারণার পার্থক্য বোঝার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতের বিভিন্ন সময়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে একটি রাজনৈতিক দলের সমালোচনাও করেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটানো হয়েছে, এখন অগ্রাধিকার হওয়া উচিত উন্নয়ন ও জনকল্যাণ। তিনি জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সংসদে তা অনুমোদনের উদ্যোগ নেয়া হবে।

সমাবেশে তিনি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পরিবারভিত্তিক সহায়তা কার্ড, কৃষকদের জন্য বিশেষ কার্ড ও ঋণসুবিধা, এবং নারীদের শিক্ষায় বাড়তি সুযোগ। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এছাড়া রান্নার জ্বালানি ব্যবহারে সুবিধা দিতে এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের জন্য স্বল্পঋণ মওকুফ এবং কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন চলছে বলেও তিনি জানান।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ বর্তমান সরকারকে নির্দিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব দিয়েছে। ভবিষ্যতে জনগণ চাইলে অন্যরা দায়িত্ব নেওয়ার সুযোগ পাবে, তবে বর্তমান সময়ে সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী থাকবে।

এর আগে সকালে তিনি যশোর সফরে এসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।

দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়