ঝালকাঠিতে ব্যালটের ছবি তোলার অপরাধে ভোটারকে আর্থিক জরিমানা 

ঝালকাঠিতে ব্যালটের ছবি তোলার অপরাধে ভোটারকে আর্থিক জরিমানা 
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

ইমাম বিমান:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালিন সময় ঝালকাঠি-২ আসনের নির্বাচনী এলাকায় আচরণবিধি ভঙ্গের ঘটনায় এক ভোটারকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র নং ৯) ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার অভিযোগে বিপ্লব দাস (৫৩) নামে এক ভোটারকে ভ্রাম্যমাণ আদালতে আর্থিক জরিমানা করা হয়। তিনি ঝালকাঠি পৌরসভার কালিবাড়ি এলাকার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।

খোঁজ নিয়ে জানাযায়, ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তুলতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঝালকাঠিতে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত আচরণবিধি ও মোটরযান চলাচল সংক্রান্ত নির্দেশনা ভঙ্গের দায়ে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে ৮ জন ব্যক্তিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন দৈনিক ক্রাইম ডায়রিকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

দৈনিক ক্রাইম ডায়রি/জেলা