মানবতার সেবায় তিন দশক: পতেঙ্গায় আলমদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী দিনব্যাপী সেবামূলক কর্মসূচি

মানবতার সেবায় তিন দশক: পতেঙ্গায় আলমদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

হোসেন মিন্টু,চট্টগ্রাম ব্যুরো প্রধান: 

মানবসেবা ও সামাজিক কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলমদিনা হিলফুল ফুযুল, পতেঙ্গা, চট্টগ্রাম। ১৯৯৫ সালে উত্তর পতেঙ্গায় প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দিনব্যাপী এক ব্যতিক্রমী সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম সূচনা করা হয়, যা উপস্থিত সবার মাঝে ধর্মীয় ও মানবিক আবহ সৃষ্টি করে।
দিনব্যাপী এই আয়োজনে দরিদ্র ও অসহায় শিশুদের জন্য বিনামূল্যে খতনা (সার্কামসিশন) কার্যক্রম পরিচালনা করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অত্যন্ত যত্নসহকারে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি খতনা সম্পন্ন করা শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।
এছাড়াও চোখের বিভিন্ন সমস্যায় ভোগা দরিদ্র রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

চক্ষু রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণের মাধ্যমে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা হয়। শুধু তাই নয়, বয়স্ক রোগীদের জন্যও পৃথক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়, যা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়ে ওঠে। সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়। দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়, যা তাদের পড়াশোনায় উৎসাহ যোগাবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাহনুর আলমের সভাপতিত্বে এবং সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ইসমাইল, দপ্তর সম্পাদক সাহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন, সদস্য নুরুল হক ফাহিম এবং সাংবাদিক মোঃ হোসেন মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। খতনা অপারেশন টিমে ছিলেন ডাঃ জাহেদ খান ও ডাঃ হানিফ খান জিলানী।

লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক টিমে ছিলেন ডাঃ সুমন তালুকদার, ডাঃ শুভ চক্রবর্তী, মোহাম্মদ জসিম উদ্দিন, মিসেস সাঈদা সাইফা, মিসেস ফারজানা আক্তার, অন্তু ভট্টাচার্য, আবু সুফিয়ান ও মোঃ জাহাঙ্গীর আলম। সহযোগিতায় ছিল লায়ন্স চেরিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, জাকির হোসেন নাসিরাবাদ, চট্টগ্রাম।
মমতা ক্লিনিক হাসপাতাল টিমে ছিলেন ডাঃ সুমনা নাজনীন, মমতাজ বেগম, পুষ্প মিতা চাকমা ও কোহেলিকা চাকমা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবতার সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমাজের অবহেলিত ও অসহায় মানুষগুলো কিছুটা স্বস্তি ও সহায়তা পাক। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।

স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে আলমদিনা হিলফুল ফুযুল, পতেঙ্গা, চট্টগ্রাম। তাদের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেবে।

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা