ধুনটে সড়ক দুর্ভোগে মানববন্ধন কাজ ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা
রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে পাইকপাড়া থেকে ব্রহ্মগাছা বাজার পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে রাখায় সড়কটি বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন সড়কটির উন্নয়নকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে কার্যকর কোনো অগ্রগতি নেই। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করে পাথর ফেলে রেখে চলে যাওয়ায় সড়কজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় সড়কটিতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগীবাহী যান ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়রা জানান, রাতের বেলায় সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। পাশাপাশি অতিরিক্ত ধুলাবালির কারণে শিশু ও শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে।
সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া অটোভ্যান চালকরা বলেন, ভাঙাচোরা সড়কে চলাচলের ফলে নিয়মিত গাড়ির যন্ত্রাংশ ও টায়ার নষ্ট হচ্ছে। এতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যা তাদের আয়ের তুলনায় বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান আলী সরকার, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ধুনট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমরান ফারহান বলেন, সড়ক সংস্কার কাজ নিয়ে যে প্রশাসনিক জটিলতা ছিল তা নিরসন হয়েছে। খুব শিগগিরই কাজ পুনরায় শুরু করা হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ও মানসম্মতভাবে সড়কটি সংস্কার করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে।


crimediarybd1








