সিএমপি’র এপ্রিল ২০১১ ব্যাচের বর্ণাঢ্য পূর্ণমিলনী: বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয়

সিএমপি’র এপ্রিল ২০১১ ব্যাচের বর্ণাঢ্য পূর্ণমিলনী: বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয়
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

হোসেন মিন্টু,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এপ্রিল ২০১১ ব্যাচের সদস্যদের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। “বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সকলের মনে আজীবন” প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে নগরীর জিইসি মোড়স্থ সেভোরিয়া রেস্টুরেন্ট, ইউনুসকো সিটি সেন্টারের লেভেল-৫ এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমপি’র বিভিন্ন শাখায় কর্মরত এপ্রিল ২০১১ ব্যাচের নারী ও পুরুষ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও সন্তানেরাও, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে সদস্যদের আগমন শুরু হয় এবং পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ। উল্লেখ্য, ২০১০ সালের ১০ অক্টোবর নিজ নিজ পরিবার ও শিক্ষাজীবন ছেড়ে দেশের সেবায় আত্মনিয়োগের লক্ষ্যে ‘বাংলাদেশ পুলিশ’ নামক বৃহৎ পরিবারে যোগ দেন এই ব্যাচের সদস্যরা।

কঠোর প্রশিক্ষণ শেষে ২০১১ সালের ২০ এপ্রিল তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে যোগদান করেন। দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনে তারা পেশাগত দায়িত্ব পালন করে সফলতার সঙ্গে ১৬তম বছরে পদার্পণ করেছেন। এ সময়ের মধ্যে অনেকেই পদোন্নতি লাভ করেছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।অনুষ্ঠানে নিহত সহকর্মীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পাশাপাশি আহত সহকর্মীদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ভবিষ্যতে সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন সবাই। পরে নৈশভোজ, কেক কাটা, গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করেন অংশগ্রহণকারীরা।

ব্যস্ত কর্মজীবনের ফাঁকে এমন একটি মিলনমেলায় অংশ নিতে পেরে সবাই সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।সফলভাবে অনুষ্ঠান আয়োজন করায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত সদস্যরা। সবশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক ক্রাইম ডায়রি// লাইফ ষ্টাইল