রাজধানীর জুরাইনে ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন
সমাবেশে বক্তারা বলেন,ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজ পত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদন সমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি।
আবু বক্কর সিদ্দিক সবুজঃ
রাজধানীর জুরাইনে ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লটারীর নামে প্রহসনের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় জুরাইন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজ পত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদন সমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের কোন বক্তব্য নেয়া হয়নি। একই নামে একাধিক টোকেন দিয়ে লটারি করা হয়েছে। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের যাতে কোন জবাবদিহি না করতে হয় সেজন্য একই দিনে বাতিল ও লটারি করা হয়েছে ।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা রেশনিং কর্তৃক ওএমএস ডিলার নিয়োগ ২০২৫-এর উন্মুক্ত লটারি। কিন্তু ওই লটারিতে ব্যাপক অনিয়ম, পক্ষপাত ও সাজানো নাটকীয়তা ঘটেছে বলে তারা দাবি করেন।
তাদের অভিযোগ, অনেক আবেদনকারী মোবাইল ফোনে বার্তা পাননি, আবার অনেকে তালিকাভুক্ত থাকলেও কোনো নোটিশ না পাওয়ায় উপস্থিত হতে পারেননি। এতে স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হয়েছে।
ভুক্তভোগী আবেদনকারীরা বলেন, এই লটারিতে এমন অনেক নাম উঠেছে যারা কখনো আবেদনই করেননি। অন্যদিকে বহু যোগ্য ডিলার প্রার্থী বাদ পড়েছেন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিলার বঞ্চিত আবেদনকারী মোহাম্মদ তারিকুল ইসলাম, আলমগীর হোসেন, আব্দুল বাসেদ, সঞ্চালনা করেন মোহাম্মদ কাউসার ও সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদুল হক। এছাড়া এতে উপস্থিত ছিলেন শতাধিক ভুক্তভোগী ডিলাররা।
দৈনিক ক্রাইম ডায়রি// রাজধানী










