দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি জহিরুল ইসলাম
মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে মন্তব্য করেছেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সোমবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংসদ সদস্য জহিরুল ইসলাম বলেন, 'মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে গড়ে তোলা মানে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করা।
তাদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো আমাদের দেশের ভবিষ্যৎও হবে তেমন। তাই মাদকের মতো স্মার্টফোন আসক্তি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করছে। আমরা যারা অভিভাবক আছি, তাদেরকে নিজ নিজ ছেলে মেয়েদের খোঁজ রাখতে হবে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে।
শুধুমাত্র সম্পত্তির পেছনে না ছুটে সন্তানদের সম্পত্তিরূপে গড়ে তুলতে হবে। সম্পদের চেয়ে সম্পত্তি জীবনে অনেক বেশি কাজে লাগবে। সন্তানদেরকে একাডেমিক পাঠদানের সাথে নীতি, নৈতিকতার ব্যাপারেও শিক্ষা দিতে হবে। যাতে করে সন্তানরা শিক্ষিত নয়, সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে।' পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেয়া হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার লোকমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ। এসময় বাঁশখালীর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










