জোরারগঞ্জে প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা উদ্ধার: পালিয়ে গেল ৪ মাদক কারবারি
50 kg of cannabis seized from a private car in Jorarganj; 4 drug traffickers flee.
হোসেন মিন্টু, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জোরারগঞ্জ থানাধীন ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেঁদেপাড়া এলাকার আরসিএল ফিল্ডসংলগ্ন সড়কে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক একটি সিলভার রঙের প্রাইভেটকারের গতিবিধি নজরে আসে পুলিশের। গাড়িটি তল্লাশি চালিয়ে প্লাস্টিকের তিনটি বস্তার ভেতর বিশেষ কৌশলে রাখা মোট ২৫টি পোটলা উদ্ধার করা হয়। পরে প্রতিটি পোটলা ওজন করে দুই কেজি করে মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা একটি সিলভার রঙের প্রাইভেটকারে করে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-গ-১২-৯৯৬৪।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি গাড়ি ও গাঁজা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা একটি সংঘবদ্ধ মাদকচক্রের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা প্রাইভেটকারটি মাদক পরিবহনে ব্যবহৃত হয়েছে কি না এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় ও মাদকের গন্তব্য কোথায় ছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস, পরিবহনকারী চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জোরারগঞ্জসহ মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক পরিবহন, সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম










