রাজধানীতে একই দিনে দুই বাসে আগুন, ফার্মগেটে মেট্রো স্টেশনে আতঙ্ক

ধোঁয়ায় আচ্ছন্ন স্টেশন, প্রাণভয়ে ছুটলেন যাত্রীরা; মিরপুরে পার্কিং করা বাসেও অগ্নিসংযোগ

রাজধানীতে একই দিনে দুই বাসে আগুন, ফার্মগেটে মেট্রো স্টেশনে আতঙ্ক
ছবি- অনলাইন হতে সংগৃহীত

হাতিম বাদশা:

রাজধানীতে একই দিনে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে চলন্ত একটি বাসে আগুন দেওয়ার পর রাতেই মিরপুরের পল্লবী এলাকায় পার্কিং করে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

পরপর এসব ঘটনায় রাজধানীর গণপরিবহন ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ফার্মগেটে বাসে আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখতে হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটির আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়া দ্রুত মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে। এ সময় স্বয়ংক্রিয় অগ্নিনিরাপত্তা অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হয়। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে আসেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানায়, স্টেশনের ডিজেল জেনারেটরের পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়েছিল। পরে ধোঁয়া স্টেশনের অভ্যন্তরে প্রবেশ করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, আগুন দেওয়া বাসটির চালক কিংবা কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এ ঘটনায়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে যত্রতত্র বাস পার্কিং না করার বিষয়ে দুদিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাস মালিকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা, গণপরিবহনের সুরক্ষা এবং নগরীর স্বাভাবিক চলাচল বজায় রাখার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

বিশেষ করে মেট্রোরেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ গণপরিবহন অবকাঠামোর কাছাকাছি অগ্নিসংযোগের ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র, বাস টার্মিনাল ও পার্কিং এলাকায় নজরদারি জোরদার করা জরুরি।

একই সঙ্গে গণপরিবহনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি আরও কার্যকর করা প্রয়োজন।

দৈনিক ক্রাইম ডায়রি// রাজধানী