রংপুরে যুবকদের প্রস্তত থাকার আহবান জামায়াত আমিরের
Jamaat Ameer urges youth in Rangpur to be prepared
রংপুর সংবাদদাতাঃ
উত্তরবঙ্গের সফরের দ্বিতীয় দিনে জামায়াত ইসলামীর আমিন ডাক্তার শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ ও যুবকদের ‘জনতার বিজয় ছিনিয়ে আনতে’ প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আবু সাঈদের আত্মত্যাগ ও সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানান জামায়াতের আমির।
এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেন ডা. শফিকুর রহমান। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আবু সাঈদের বাড়ির উঠানে দাঁড়িয়ে তিনি বলেন, আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যুবকদের কথা দিচ্ছি—আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এ সমাজের চাবি ও নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদের শক্তি ও সাহস যোগাবো।
আগামী নির্বাচনকে সামনে রেখে যুবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তোমরা তৈরি হও। আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে—এ জন্য জুলাইযোদ্ধা হয়ে তোমাদেরকে আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা করতে পারবে। যে অঙ্গীকার তারা নিয়েছে, তার কাজ কেবল শুরু হয়েছে—এখনো শেষ হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াত মনোনীত রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতারা।
দৈনিক ক্রাইম ডায়রি // রাজনীতি










