শিবগঞ্জে র্যাবের অভিযান: ৯ কেজি গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নাশকতার বড় ধরনের পরিকল্পনা নস্যাৎ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য বিস্ফোরক এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কোখানিপাড়া গ্রামের ৪নং বেড়িবাঁধের পশ্চিম পাশে অবস্থিত একটি আম বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে— উক্ত স্থানে কিছু প্লাস্টিকের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— চারটি পৃথক পলিথিনে সংরক্ষিত মোট ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য গুঁড়া পদার্থ, প্রায় ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরো, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার।
র্যাব জানায়, এসব উপকরণ ব্যবহার করে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক ক্রাইম ডায়রি // জেলা










