ভিপি আয়নুল হকের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’-এর প্রতিবাদে রায়গঞ্জ বিএনপির সংবাদ সম্মেলন 

 সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী দাবি করলেন—প্রকাশিত খবর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন 

 ভিপি আয়নুল হকের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’-এর প্রতিবাদে রায়গঞ্জ বিএনপির সংবাদ সম্মেলন 
ছবি: দৈনিক ক্রাইম ডায়রি

সাইদুল ইসলাম আবির ও  মেহেদী হাসান, সিরাজগঞ্জ অফিস: 
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী (সিরাজগঞ্জ-৩) ভিপি আয়নুল হকের বিরুদ্ধে প্রকাশিত ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যে শিক্ষককে নিয়ে আমার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। বাস্তবে ওই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষ ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান দুর্নীতির অভিযোগে বহিষ্কার করেছেন। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার আসামি।”

ভিপি আয়নুল হক দাবি করেন, “গত ৪০ বছর ধরে রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলের মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমান আমার রাজনৈতিক প্রেরণার উৎস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি এ ধরনের ‘অপপ্রচারের’ বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখবেন—এটাই আমার প্রত্যাশা।”

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা