গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষক

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষক
প্রতীকী ছবি : দৈনিক ক্রাইম ডায়রি

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকেরা জোট বেঁধে একটি সার ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সকালে দুই শতাধিক কৃষক সার কেনার জন্য ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডিলার পয়েন্টের গুদাম না খোলায় একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরে বিক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে সেখানে থাকা ইউরিয়া সার বের করে নিয়ে যেতে শুরু করেন।
ডিলার পয়েন্টের মালিক তাইফুর রহমান মুকুলের মোট সার বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা।

স্থানীয়দের দাবি, গুদামে তখন প্রায় ৩৪০ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে কৃষকেরা প্রায় ১৯৭ বস্তা সার নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবশিষ্ট সার রক্ষা করে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা।

বিপরীতে বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা এবং উত্তোলনও ছিল এর চেয়ে কম। সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, তিনি সারাদিন জেলা মিটিংয়ে থাকায় ঘটনাটি সম্পর্কে অবগত নন।
সার নিয়ে কৃষকদের এমন বিক্ষোভ ও গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের বিষয়টি নতুন করে সামনে এসেছে। কৃষকদের অভিযোগ ও সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদন্তের দাবি উঠেছে।

দৈনিক ক্রাইম ডায়রি // জেলা