প্রামাণ্যচিত্র ‘হাকানের স্বপ্নযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী ১১ মার্চ

এক দুই তিন ডেস্কঃ

প্রামাণ্যচিত্র ‘হাকানের স্বপ্নযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী ১১ মার্চ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও চলচ্চিত্রনির্মাতা শাহরিয়ার কবিরের প্রামাণ্যচিত্র ‘হাকানের স্বপ্নযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে আগামী ১১ মার্চ বুধবার। ‘হাকানের স্বপ্নযাত্রা’ মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী একটি প্রামাণ্যচিত্র।

এদিন বিকেল চারটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী ও সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হবে।

গত বছর শাহরিয়ার কবির ‘মিথাতের স্বপ্ন’ প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। এর ধারাবাহিকতায় তুরস্কের সুফিসাধক রুমি, সিন্ধের শাহবায কালান্দার, পাঞ্জাবের বুল্লে শাহ, ভারতের কবীর, বাংলার চন্ডিদাস ও লালনকে কেন্দ্র করে ‘হাকানের স্বপ্নযাত্রা’ প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তিনি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযােদ্ধা আসাদুজ্জামান খান এমপি।

উদ্বোধনী প্রদর্শনীতে সূচনা বক্তব্য রাখবেন শাহরিয়ার কবির। এছাড়াও আলােচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি ও চলচ্চিত্রনির্মাতা ও নাট্যনির্দেশক মুক্তিযােদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, বাংলাদেশ পেন ক্লাবের সভাপতি লেখক অধ্যাপক মনজুরুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ফরিদা পারভীন ফাউন্ডেশনের সভাপতি সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংস্কৃতিক সম্পাদক অভিনয়শিল্পী শমী কায়সার।

প্রসঙ্গত, ২০০১ সালের নয়/এগারােয় জঙ্গী মৌলবাদী আল কায়দার সন্ত্রাসীরা নিউইয়র্কের ল্যান্ডমার্ক টুইন টাওয়ারে এবং ওয়াশিংটনের পেন্টাগনে ভয়ঙ্কর আত্মঘাতী বিমান হামলা চালিয়েছিল। এই নজিরবিহীন নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল ৯০টিরও বেশি দেশের প্রায় ৩০০০ জন নিরীহ মানুষ। এই হামলার পর বিশ্বব্যাপী আল কায়দা ও আইএস-এর সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। অন্যদিকে ৯/১১-এর পর শান্তি ও মানবতার ইসলাম প্রচারক সুফি কবি জালালউদ্দিন রুমির রচনা আমেরিকার বেস্ট সেলারের শীর্ষে উঠে এসেছে। সাম্প্রতিক কালে ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গী মৌলবাদী সন্ত্রাসের জনক কট্টরপন্থী ওহাবি, সালাফি মওদুদিবাদীদের বিকৃত ইসলামের পাল্টা বয়ান হতে পারে সুফিসাধকদের শান্তির ইসলাম। তুরস্কের হযরত জালালউদ্দিন রুমি এবং তাঁর সমসাময়িক অন্যান্য সুফি ধর্মপ্রচারকরা এই উপমহাদেশ সহ সমগ্র বিশ্বে মানবতা, শান্তি ও সহমর্মিতার ইসলাম প্রচার করেছেন, যেখানে চিত্রকলা, সঙ্গীত ও সাহিত্য সহ সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি নির্মাণ করেছেন ‘হাকানের স্বপ্নযাত্রা’ ।