রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল।
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুলাই) জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পবা উপজেলার নওহাটা এলাকার তাজ বেকারি অ্যান্ড কনফেকশনারি বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে পবা উপজেলার বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৫ হাজার টাকা জরিমানার সম্মুখীন হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথী। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিএসটিআই রাজশাহী জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
দৈনিক ক্রাইম ডায়রি// অভিযান-বিএসটিআই










