লাইসেন্স ছাড়া কসমেটিকস বিক্রি: নারায়ণগঞ্জে বিএসটিআই–জেলা প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
জয়নাল ট্রেড সেন্টারে অবস্থিত বিউটি সলিউশন প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়াই টয়লেট সোপ, স্কিন ক্রিম, হেয়ার অয়েল, আই কেয়ার পণ্য, লোশন, ফেসপ্যাক ও শ্যাম্পুসহ বিভিন্ন কসমেটিকস বিক্রি ও বিতরণ করে আসছিল।
হাতিম বাদশা:
নারায়ণগঞ্জে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়া কসমেটিকস পণ্য বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্যের জন্য প্রয়োজনীয় বিএসটিআই ছাড়পত্র ও লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া এলাকায় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, জয়নাল ট্রেড সেন্টারে অবস্থিত বিউটি সলিউশন প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়াই টয়লেট সোপ, স্কিন ক্রিম, হেয়ার অয়েল, আই কেয়ার পণ্য, লোশন, ফেসপ্যাক ও শ্যাম্পুসহ বিভিন্ন কসমেটিকস বিক্রি ও বিতরণ করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল।
একই অভিযানে কোরিয়ান কসমেটিকস গ্যালারি এবং বিউটিওলজি নামের দুটি প্রতিষ্ঠানকে তাদের আমদানিকৃত কসমেটিকস পণ্যের বিপরীতে বিএসটিআই থেকে প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের জন্য সতর্ক ও পরামর্শ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম হাওলাদার এবং আফরোজ জাহান।
অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. কে. এম. হানিফ। সহযোগিতা করেন সহকারী পরিচালক (মেট) মো. রাকিবুল আলম এবং পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তার স্বার্থ রক্ষা, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
দৈনিক ক্রাইম ডায়রি///বি এসটিআই










