সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মাস্টারমাইন্ড তারই বাল্যবন্ধু

বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীনের নাম উঠে এসেছে। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই শাহীন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।

সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মাস্টারমাইন্ড তারই বাল্যবন্ধু
ছবি- অনলাইন হতে সংগৃহীত

৬ বছর আগে প্রায় ২৫ বিঘা জমির উপর তৈরি করা হয় এই বাংলো বাড়ি। তারা কখনো ভিতরে প্রবেশ করেননি। তবে মাঠে কাজ করতে গিয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে দেখেছি। ওই বাংলো বাড়ির আশপাশে কোনো বসতি নেই। নির্জন স্থানে এই বাড়ি। রাত হলে কাঁটাতারের চারপাশে জ্বলে আলো। কিন্তু ভিতরে কী হচ্ছে কেউ জানতে পারছে না।

ঝিনাইদহ সংবাদদাতা:

১০ মিনিটেরও কম সময়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়। ভারতে চিকিৎসা নিতে গিয়ে দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হয়েছেন তিনি। ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যাওয়ার পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়।  ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মাস্টারমাইন্ড হিসাবে তারই বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীনের নাম উঠে এসেছে। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই শাহীন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।

তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও মাঝে মাঝেই আসতেন এলাকায়। তার ছিল ব্যাপক ক্ষমতার দাপট। ভাইকে কোটচাঁদপুর পৌরসভার মেয়র পদে বিজয়ী করার নেপথ্যে শাহীনের কালো টাকা ও অবৈধ ক্ষমতার প্রয়োগ ছিল। ভাই মেয়র হলেও শাহীনের ইশারায় চলত কোটচাঁদপুর পৌরসভা।

উপজেলার এলাঙ্গী গ্রামে তিনি গড়ে তোলেন বিলাসবহুল বিশাল বাগানবাড়ি। যেখানে যাতায়াত ছিল শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের। এখানে বসেই শাহীন চালাতেন আন্ডারওয়ার্ল্ডের কার্যক্রম। এমপি আনার হত্যাকাণ্ডে শাহীনের নাম উঠে আসায় তোলপাড় শুরু হয়েছে। তার বিরুদ্ধে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে, সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহীন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও দেশে যাতায়াত ছিল নিয়মিত। দুই যুগের বেশি সময় ধরে অবৈধ হুন্ডি ও স্বর্ণ চোরাচালানে আক্তারুজ্জামান শাহীন ও আনোয়ারুল আজিম আনারের মধ্যে সখ্য গড়ে ওঠে।

সম্প্রতি তাদের মধ্যে অবৈধ স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জেরে বেয়াই আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভুঁইয়াকে নিয়ে শাহীন কলকাতায় এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেন। তাদের পাতা ফাঁদে পা দিয়েই ভারতে যান আনার। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শাহীন ও আমানুল্লাহ।

কলকাতার ব্যারাকপুরের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়, সেটি শাহীনের নামেই ভাড়া নেওয়া ছিল। মিশন সফল করার পর শাহীন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। দেশে ফিরে গ্রেফতার হয়েছেন তার বেয়াই ও চরমপন্থি নেতা খুলনার ফুলতলা এলাকার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শাহীনরা তিন ভাই ও দুই বোন। মেজো ভাই প্রকৌশলী মনিরুজ্জামান প্রথমে যুক্তরাষ্ট্রে যান। এরপর শাহীনকে নিয়ে যান। সেখানকার নাগরিকত্ব পাওয়ার পর অপরাধ জগতে প্রবেশ করেন শাহীন। যুক্তরাষ্ট্রে থাকলেও নিয়মিত দেশে আসতেন। জড়িয়ে পড়েন চোরাচালানে। অবৈধ এ ব্যবসায় বাংলাদেশ ও ভারতে গড়ে তোলেন সাম্রাজ্য।

শাহীন কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের বাড়িতে ২৫ বিঘা জমির ওপর গড়েছেন বিশাল বাগানবাড়ি। এই বাড়িতে রয়েছে মিনি গলফ মাঠ, সুইমিংপুল, ৩টি শেফার্ড জাতের কুকুর, ৭টি গাভি, ১০-১২টি ছাগল। এই বাগান বাড়িতে রয়েছে প্রাচীন বাড়ির নকশায় ইট-পাথরে নির্মিত ডুপ্লেক্স ভবন। বাড়ির চারপাশ কাঁটাতার দিয়ে ঘেরা। সেখানে যাতায়াত ছিল উচ্চপদস্থ রাজনৈতিক নেতা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের। শাহীন তার অতিথিদের মনোরঞ্জনের জন্য রেখেছিলেন বিলাসবহুল ব্যবস্থা।

রাতের বেলায় কাঁটাতারের চারপাশে আলো জ্বলে। ভেতরে কী হয় স্থানীয়রা কেউ জানতে পারে না। রাতে বড় বড় গাড়ি আসত। সেই গাড়িতে নারীদেরও দেখেছেন অনেকে। দেশে এলে শাহীন এই বাগানবাড়িতে বসেই নিয়ন্ত্রণ করতেন তার আন্ডারওয়ার্ল্ড।

এলাঙ্গী গ্রামের মোজাফফর নামের এক ব্যক্তি বলেন, দিনের বেলা বেশি গাড়ি ওই বাংলোতে প্রবেশ করে না। রাত ১০টার পর দামি দামি গাড়ি প্রবেশ করে। অনেক গাড়িতে তিনি নারী থাকতে দেখেছেন। ভেতরে হাঁটাহাঁটি করতেও দেখেছেন।

এমপি আনারের এক বাল্যবন্ধু গোলাম রসুল বলেন, আনার ও শাহীনের মধ্যে প্রায় ৩০ বছরের সম্পর্ক। তাকে নিয়ে এমপি আনার দুবার এই বাংলোতে গিয়েছেন বলে তিনি জানান।

এদিকে, শীর্ষ রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের সঙ্গে সখ্য থাকায় কেউ শাহীনের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পায়নি। কোটচাঁদপুর থানায় তার নামে নেই কোনো মামলা।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, আক্তারুজ্জামান শাহীন আমেরিকার পাসপোর্টধারী। তিনি এলাকায় খুবই কম আসতেন। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় কোনো মামলা নেই।

স্থানীয়রা জানান, গত ১৫ বছরে অগাধ সম্পদের মালিক বনে যান শাহীন। এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। কোটচাঁদপুর শহরে একাধিক মার্কেট, বাড়ি ও রিসোর্ট তৈরি করেছেন। তার বৈধ আয়ের উৎস সম্পর্কে এলাকাবাসী অন্ধকারে। তাদের ধারণা স্বর্ণ ও মাদক চোরাচালানের মাধ্যমে বিত্তবৈভবের মালিক হয়েছেন শাহীন। এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার দাপট ছিল প্রচণ্ড। প্রচুর অবৈধ টাকা উড়িয়েছেন নিজের ক্ষমতার দাপট ধরে রাখতে। সর্বশেষ পৌরসভা নির্বাচনে আপন ভাইকে মেয়র পদে বসাতে ক্ষমতার দাপট ও কালো টাকার যথেচ্ছ ব্যবহার করেছেন।

শহিদুজ্জামান সেলিম মেয়র পদে বসলেও নেপথ্যের ক্রীড়নক ছিলেন শাহীন। কোটচাঁদপুর এলাকায় গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। এই বাহিনীর সদস্যরা কোটচাঁদপুরে হাটবাজার ও মার্কেট দখল, মোড়ে মোড়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। শাহীনের ক্ষমতার দাপটের কাছে তটস্থ ছিলেন এলাকাবাসী। তার অত্যাচারের প্রতিবাদ করার সাহস পাননি কেউ। হত্যা, চাঁদাবাজি, মাদক কারবার ও স্বর্ণ চোরাচালানের নেপথ্যের কারিগর হলেও সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যান শাহীন।

রাজনীতির ময়দানে ভাই সেলিমকে সামনে রেখেছেন। আর নেপথ্যে থেকে চালিয়ে গেছেন নিজস্ব সাম্রাজ্য। অপরাধ জগতের দাপটশালী এই ব্যক্তি সব সময় থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে শাহীনের সম্পৃক্ততার খবরের পর মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিত অনেকেই। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না শাহীনের আত্মীয়স্বজনরা।

এ বিষয়ে শাহীনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, পত্রপত্রিকা ও টিভি মিডিয়ায় দেখছি এমপি আনার হত্যাকাণ্ডে আমার ভাই শাহীন জড়িত বলে তথ্য উঠে এসেছে। এটা তদন্ত হোক। তদন্তে যদি তার সম্পৃক্ততার প্রমাণ মেলে তবে শাস্তি হবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ভাই শাহীন এই কাজে জড়িত। তদন্তে সত্যতা মিললে অস্বীকার করার সুযোগ নেই।

তিনি আরও জানান, ছোট ভাই শাহীন আমেরিকায় থাকেন। গত রমজানে বাংলাদেশে এসেছিলেন। তিনি ব্যবসায়ী। সংসদ-সদস্য আনার ও তার পরিবারের মধ্যে ভালো সম্পর্ক। ছোটবেলা থেকে তারা খেলাধুলা করেছেন একসঙ্গে। কোনো ধরনের বিরোধ ছিল এরকম কিছু জানেন না।

ফাঁকা মাঠের মধ্যে এমন আলীশান বাংলো বাড়ি। যার আশপাশে শুধুই মাঠ আর মাঠ। কি নেই সেখানে। প্রায় ২৫ বিঘা জমির উপর এই বাংলো বাড়ির মালিক এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন। আর এই বন্ধুর বাংলোতে মাঝে মাঝে যেতেন এমপি আনার। 

বৃহস্পতিবার বিকালে সরেজমিন দেখা যায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফাঁকা মাঠের মধ্যে সুবিশাল আলীশান বাংলো বাড়ি। বাংলোর চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরা। বাইরে থেকে কেউ ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। গ্রামের কেউ ভিতরে প্রবেশ করতে পারে না। সেখানে বাংলো বাড়ির মেইন গেট বন্ধ পাওয়া যায়। পরে এই প্রতিনিধি ড্রোন পাঠিয়ে কিছু দৃশ্য ধারণ করেন। 

এই বাংলা বাড়িতে কী নেই। কাঁটাতার দিয়ে ঘেরা ২৫ বিঘা জমিতে রয়েছে বিশাল পুকুর। একটি কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি ও অন্যটি ইট পাথরের। এর সামনে রয়েছে সুইমিং পুল। প্রতি ঘরে রয়েছে এসির সংযোগ। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে প্রায় শতাধিক সিসি ক্যামেরা। রয়েছে ৪টি সিসি ক্যামেরা। এছাড়াও ঘাস কাটার মেশিন ও একটি মাইক্রোবাস রয়েছে সেখানে।

গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৬ বছর আগে প্রায় ২৫ বিঘা জমির উপর তৈরি করা হয় এই বাংলো বাড়ি। তারা কখনো ভিতরে প্রবেশ করেননি। তবে মাঠে কাজ করতে গিয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে দেখেছি। ওই বাংলো বাড়ির আশপাশে কোনো বসতি নেই। নির্জন স্থানে এই বাড়ি। রাত হলে কাঁটাতারের চারপাশে জ্বলে আলো। কিন্তু ভিতরে কী হচ্ছে কেউ জানতে পারছে না। রাতে বড় বড় গাড়ি আসত। অনেকেই সেই গাড়িতে নারী থাকতে দেখেছেন। এমনকি নায়িকারাও মাঝে মাঝে আসতেন এই বাংলোয়।

এলাঙ্গী গ্রামের আকলিমা খাতুন নামে এক নারী বলেন, গত জাতীয় ভোটের পরে ওই বাংলোয় যান এমপি আনার। প্রায়ই তিনি এই বাংলোতে আসতেন।

মোজাফ্ফর নামের আরেক ব্যক্তি বলেন, দিনের বেলা বেশি গাড়ি ওই বাংলোতে প্রবেশ করে না। বেশিরভাগ রাত ১০টার পরে দামি দামি গাড়ি প্রবেশ করে। ওই বাংলোতে যারা কাজ করেন তারা কেউ কোটচাঁদপুরের না। অনেক গাড়িতে তিনি নারী থাকতে ও বাংলোর ভিতরে হাঁটাহাঁটি করতে দেখেছেন। 

এমপি আনারের আরেক বাল্যবন্ধু গোলাম রসুল বলেন, আনার ও আক্তারুজ্জামানের মধ্যে প্রায় ৩০ বছরের সম্পর্ক। তাকে নিয়ে এমপি আনার দুইবার সেখানে গিয়েছেন। গত চার মাস আগেও তিনি গিয়েছিলেন।    

মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, পত্র-পত্রিকায় বা টিভি মিডিয়ায় আমার ভাইয়ের কথা উঠে আসছে। যদি তদন্তে তার নাম উঠে আসে তাহলে তার শাস্তি চাই। তবে আমার বিশ্বাস হচ্ছে না যে সে এ রকম কাজ করতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন। শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ক্রাইম ডায়রি/ক্রাইম