মৃত্যুর ১২৮ বছর পর প্রথম আকাশচারীকে নিয়ে নির্মিত হলো চলচ্চিত্র
এস এম ইফতেখার মাছুম
মৃত্যুর প্রায় ১২৮ বছর পর প্রথম আকাশচারীকে নিয়ে চলচ্চিত্র নির্মান করলেন খ্যাতিমান পর্যটক এলিজা বিনতে এলাহী। স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের নাম ‘ইন সার্চ অব জিনেট ভানতাসেল’। রবিবার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে প্রদর্শিত হয় এই চলচ্চিত্র। সারা বিশ্বের নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও তাদের প্রতি সংহতি জানাতে ‘কোয়েস্ট এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’ আয়োজন করে ‘বাংলায় প্রথম বেলুন আকাশচারীর গল্প কথা’ শিরোনামে এ প্রদর্শনী।
বাংলায় প্রথম বেলুন আকাশচারী জিনেট ভানতাসেল ছিলেন একজন মার্কিন তরুণী। তৎকালীন ঢাকার নবাবদের আমন্ত্রণে তিনি আমেরিকা থেকে ঢাকায় আসেন। আকাশচারী মার্কিন নারী জিনেট ভানতাসেল বাংলাদেশে আসেন ১৮৯২ সালের ১৬ মার্চ। ঢাকার নবাব আহসান উল্লাহর আমন্ত্রণে তিনি ঢাকায় আসেন। বুড়িগঙ্গা নদীর ওপর থেকে বেলুনে চড়ে জলরাশি পাড়ি দিতে আকাশে উড়েন জিনেট ভানতাসেল।
দুঃসাহসিক এই অভিযান নিজ চোখে দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমান হাজারো মানুষ। আর নবাবরা সেটি দেখেন আহসান মঞ্জিলের ছাদে বসে।তবে ভানতাসেলের সেই দুঃসাহসিক অভিযানের সমাপ্তি ঘটে দুর্ঘটনার মধ্য দিয়ে। নদী পাড়ি দিয়ে আহসান মঞ্জিলের ছাদে নামার কথা ছিল তার। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে আহসান মঞ্জিলের ছাদে নামা সম্ভব হয়নি। এ অভিযানে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
এই ধরণের চলচ্চিত্র নির্মাণের জন্য এলিজা বিনতে এলাহীকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, এটি একটি মৌলিক গবেষণা হয়েছে। যদি আপনি কখনো উন্মাদ না হন, উন্মাদনায় আসক্ত না হন, তাহলে আপনি কখনোই বড় মানুষ হতে পারবেন না। কখনোই সমাজকে কিছু দিতে পারবেন না।
উল্লেখ্য, এলিজা বিনতে এলাহী একজন খ্যাতিমান পর্যটক। এরই মধ্যে বিশ্ব ও বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো ঘুরে দেখছেন তিনি। এছাড়া দেশ-বিদেশের ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পরিদর্শন করার পাশাপাশি সেগুলোর বিষয়ে সবাইকে জানাতে গবেষণার পাশাপাশি ভ্রমণ চলচ্চিত্র বা ট্রাভেল ভিডিও নির্মাণ করেছেন এই খ্যাতনামা পর্যটক।


crimediarybd1








