গাজীপুরে মহাসড়কে সিটি করপোরেশনের ময়লা ফেলা: দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও যাত্রীরা

গাজীপুরে মহাসড়কের পাশে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও ব্যবসায়ীরা করপোরেশনের অজুহাত: স্থায়ী ডাম্পিং স্টেশন প্রস্তুত নয়। পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনা বাড়ছে।

গাজীপুরে মহাসড়কে সিটি করপোরেশনের ময়লা ফেলা: দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও যাত্রীরা
ছবি- অনলাইন হতে সংগৃহীত

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে পরিকল্পনার অভাব এবং দায়িত্বে অবহেলার কারণেই এমন অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ময়লা-আবর্জনা সরাসরি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। ফলে প্রতিদিনই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে পথচারী, স্থানীয় দোকানি ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে পরিকল্পনার অভাব এবং দায়িত্বে অবহেলার কারণেই এমন অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

মহাসড়কের পাশের টঙ্গী স্টেশন রোড, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বোর্ডবাজার এলাকায় দেখা গেছে, করপোরেশনের ট্রাকগুলো প্রতিদিনই রাস্তার ধারে ময়লা ফেলে চলে যাচ্ছে। গরমের দিনে দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে, আশপাশের দোকানগুলোতে বসে থাকা যায় না।

উত্তরার আবদুল্লাহপুর পেরোলেই টঙ্গী শহর। এখান থেকেই শুরু গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসনিক সীমানা।  রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশজুড়ে জায়গায় জায়গায় জমে থাকা আবর্জনার স্তূপ একটানা চলে গেছে চান্দনা চৌরঙ্গী ভাস্কর্য পর্যন্ত। চৌরাস্তা থেকে শহরমুখী পথে পা রাখলেই একই দৃশ্য।

শিববাড়ি সড়ক, লক্ষ্মীপুরা,দক্ষিণ ছায়াবীথি, জোড়পুকুর, হারিনাল কিংবা রেল জংশন প্রতিটি এলাকাই যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

শিল্প অধ্যুষিত দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুর। কিন্তু এই সিটির রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনার স্তুপ। বায়ুদূষণের শীর্ষ শহর হিসেবেও গাজীপুরের নাম রয়েছে। যেখানে ময়লা আবর্জনার দুর্গন্ধে এখন টেকাই দায়। এসব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের ওপরে।

 এখন যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তুপের কারণে নাকে রুমাল চেপে চলাচল করতে হয় তাদের। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে স্কুল, কলেজ ও মসজিদে আসা যাওয়া ও যানবাহন চলাচলে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। গাজীপুরে শোধনাগার না থাকায় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

এলাবাসী জানায়, জেলায় বর্জ্য শোধনাগার না থাকায় কয়েক বছর ধরেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয়েছে বর্জ্যের ভাগাড়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কল-কারখানা, হাসপাতাল ও বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশে।

সরেজমিন দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশন এলাকার তেলিপাড়া, সালনা, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর, ভবানীপুর, হোতাপাড়া, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী, এমসি বাজার, জৈনা বাজার এলাকায় বর্জ্যের বিশাল স্তূপ রাখা হয়েছে। এছাড়া শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য।

অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাইমাইল এলাকায়ও ময়লার ভাগাড় চোখে পড়েছে। জয়দেবপুর বাইপাস-মীরের বাজার সড়কের ঝাঝর, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মরকুন এলাকায়ও মহাসড়কের পাশে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় তৈরি হয়েছে ময়লার পাহাড়।

এসব বর্জ্যের কারণে আশপাশের এলাকার বাতাস দূষিত হচ্ছে। মহাসড়কের পাশে রাখা বর্জ্যের উত্কট গন্ধে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকার বাসি হাবিবুর রহমান বলেন, একসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বেড়াতাম। এখন আর সেই পরিবেশ নেই। মহাসড়কের পাশে রাখা বর্জ্যের দুর্গন্ধে হাঁটা তো দূরের কথা বমি চলে আসে।

কোনাবাড়ী এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল সেই মহাসড়কের পাশে কড্ডা এলাকায় ময়লা ফেলে রিতিমতো পাহাড় তৈরি করা হয়েছে। গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য এনে এখানে রাখা হয়। এসব বর্জ্যের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

গাজীপুর পরিবহণের চালক জব্বার আলী বলেন, আগে এই ময়লার সমস্যা ছিল না। এখন মহাসড়কের বিভিন্ন স্থানে ময়লা ফেলে যানবাহন চলাচলেও সমস্যা সৃষ্টি করছে বিশেষ করে চান্দনা চৌরাস্তা এলাকায় খুবই খারাপ অবস্থা।

সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, দীর্ঘদিনেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ একটি কার্যকর ও স্থায়ী বর্জ্য ডাম্পিং স্টেশন বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করতে পারেনি। ফলে মহাসড়ক ও জনবহুল এলাকার পাশে আবর্জনার পাহাড় তৈরি হচ্ছে, যা পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের অবনতির অন্যতম কারণ। শ্বাসকষ্ট, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের এই উদাসীনতা নাগরিক অধিকারের চরম লঙ্ঘন।

স্থানীয় দোকানি আব্দুল করিম বলেন,

“সকালে দোকান খুলতেই নাকে আসে তীব্র গন্ধ। আমরা অনেকে মাস্ক পরে কাজ করি। কিন্তু এতে তো সমস্যার সমাধান হয় না। করপোরেশন যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা না করে, তাহলে এই এলাকার ব্যবসা একদিন বন্ধ হয়ে যাবে।”

দেখা যায়, যেখানে ময়লা ফেলা হচ্ছে সেখানেই নালার পানি জমে গিয়ে তৈরি হচ্ছে কালচে পঙ্কিল স্তর, যা থেকে মশা ও মাছি উৎপন্ন হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর ওই এলাকায় দাঁড়ানোই কষ্টকর হয়ে পড়ে।

পরিবেশ সচেতন নাগরিক সংগঠন ‘সবুজ গাজীপুর উদ্যোগ’-এর সভাপতি তানভীর ইসলাম বলেন,

 “এটি শুধু সৌন্দর্য নষ্ট করছে না, বরং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই দুর্গন্ধে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে।”

গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
“স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই অস্থায়ীভাবে কিছু এলাকাকে ব্যবহার করা হচ্ছে। তবে খুব শিগগিরই নির্দিষ্ট স্থানে বর্জ্য স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”

তবে নাগরিকদের দাবি— “অস্থায়ী” শব্দটি শুনতে শুনতে বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে পরিবর্তন আসছে না।

বিশেষজ্ঞরা মনে করেন, গাজীপুরের মতো শিল্পনগরীতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা না থাকলে এটি জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। মহাসড়কের পাশে ময়লা ফেলা কেবল দুর্গন্ধ নয়, বর্ষায় ড্রেন বন্ধ ও যানবাহনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।

স্থানীয় প্রশাসনের নজরদারি ও নাগরিক সচেতনতা না বাড়ালে এই সংকট আরও প্রকট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক ক্রাইম ডায়রি/// মহানগর