কেরানীগঞ্জে রাজউকের অভিযান: ঝুঁকিপূর্ণ ও প্ল্যানবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে

কেরানীগঞ্জে রাজউকের অভিযান: ঝুঁকিপূর্ণ ও প্ল্যানবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে
ছবি-ক্রাইম ডায়রি

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বন্দর ষাটগাঁও ২নং ওয়ার্ডের শর্ণকুঞ্জ আবাসিক এলাকায় রাজউকের বিশেষ অভিযানে একটি নির্মাণাধীন ভবনের একাংশ ভেঙে ফেলা হয়।

আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাজউকের জোন ৭/২-এর একটি বিশেষ টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় অথরাইজড অফিসার মো. ইলিয়াস হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, ওই এলাকার রকি আহমেদের নির্মাণাধীন বাড়ির সামনের অংশে বিদ্যুৎ ট্রান্সমিটার ও খুঁটি সংলগ্ন থাকায় তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। নিরাপত্তাজনিত কারণে ভবনের ওই অংশ ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি ভবনটির কিছু অংশ রাজউকের অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হচ্ছিল বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ চলমান অবস্থায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার খুব কাছাকাছি ভবনের অংশ গড়ে তোলা হচ্ছিল, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির মালিক রকি আহমেদ অভিযানের সময় দেশে না থেকে ওমরা হজ পালনে অবস্থান করছেন।

অভিযান শেষে অথরাইজড অফিসার মো. ইলিয়াস হোসেন জানান, রাজউকের নিয়মিত মনিটরিং ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও প্ল্যানবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০২৩ সালে কেরানীগঞ্জ এলাকা রাজউকের আওতাভুক্ত হলেও নাগরিক সচেতনতার অভাবে অনেকেই ভবন নির্মাণের আগে অনুমোদিত নকশা গ্রহণ করছেন না। এর ফলে বিল্ডিং কোড অমান্য করে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ বাড়ছে।
এ বিষয়ে এলাকাবাসীর অভিমত, রাজউকের অভিযান নিয়মিত হওয়ায় ঝুঁকিপূর্ণ নির্মাণ কিছুটা কমছে। তবে তারা নির্মাণের আগে অনুমোদন নেওয়ার বিষয়ে আরও প্রচার ও সচেতনতা কার্যক্রম জোরদার করার দাবি জানান