সচিবালয়ে প্রথম কর্মদিবস: বুধবার অফিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আশিকুর রহমান মাহী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নতুন সরকার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয়েছে নতুন মন্ত্রিপরিষদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে বিকেলে মন্ত্রিপরিষদের সদস্যরাও শপথ নেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয় বিএনপি নেতৃত্বাধীন সরকার।
সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতে সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ শুরু করবেন।
প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়েই মধ্যাহ্নভোজ সেরে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। যদিও বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রমের দিকনির্দেশনা নিয়েই এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ক্রাইম ডায়রি//জাতীয়










