‘১০ নম্বর জার্সি’ গায়ে শপথ: আবারও আলোচনায় হাসনাত আবদুল্লাহ

আলোচিত ‘১০ নম্বর জার্সি’ পরেই তিনি শপথ গ্রহণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

‘১০ নম্বর জার্সি’ গায়ে শপথ: আবারও আলোচনায় হাসনাত আবদুল্লাহ
ছবি: অনলাইন হতে সংগৃহীত

জাকির হোসেন রনি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে গিয়ে ভিন্নধর্মী উপস্থিতিতে নজর কাড়লেন হাসনাত আবদুল্লাহ। আলোচিত ‘১০ নম্বর জার্সি’ পরেই তিনি শপথ গ্রহণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় এই জার্সি পরিহিত অবস্থায় তাকে দেখা গিয়েছিল। সেই প্রতীকী পোশাকেই এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে নিজের অবস্থান ও বার্তা স্পষ্ট করার চেষ্টা করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন এনসিপির নির্বাচিত প্রতিনিধিরা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে পরিচিত হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন।

এর আগে একই দিন সকালে পর্যায়ক্রমে বিভিন্ন দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠানটি পরিচালনা করেন। সকাল ৯টা থেকেই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নবনির্বাচিত এমপিদের আগমন শুরু হয়। রীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথ প্রথমে অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

দৈনিক ক্রাইম ডায়রি/জাতীয়