মাইলস্টোন স্কুল এন্ড কলেজে তারুণ্যের রঙে সেজেছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব
গাজীপুর প্রতিনিধিঃ
যান্ত্রিক নগরায়ন আর ফাস্টফুডের ভিড়ে হারিয়ে যাওয়া বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্যকে আবারও জীবন্ত করে তুললো গাজীপুরের কোনাবাড়ি থানাধীন আমবাগ মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল ‘পিঠা উৎসব-২০২৬’ এ ফুটে উঠেছে গ্রামবাংলার মৈত্রী আর ঐতিহ্যের প্রতিচ্ছবি।
উৎসবের শুভ সূচনা
সকালে আনন্দঘন পরিবেশে উৎসবের শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি ও গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মুজিবুর রহমান। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে তিনি বলেন, "আমাদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি শেকড়ের সংস্কৃতিকে ধারণ করতে হবে।" উদ্বোধনী বক্তব্যে তিনি অভিভাবকদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে ধানের শীষ প্রতীকে সমর্থন দেওয়ার জন্য শিক্ষার্থীদের মাধ্যমে আহ্বান জানান।
মাঠজুড়ে পিঠার মেলা
পুরো উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব শামসুল আলম। বিদ্যালয়ের মাঠের চারপাশ ঘিরে শিক্ষার্থীরা স্থাপন করেছে ১৩টি আকর্ষণীয় স্টল। স্টলগুলোতে শোভা পাচ্ছিল দুধে ভেজানো চিতই, নকশী পিঠা, ভাপা, পাটিসাপটা ও লবঙ্গ লতিকাসহ নাম না জানা প্রায় ৩০ প্রজাতির দেশীয় পিঠা। প্রতিটি স্টলেই ছিল ক্রেতা ও উৎসুক দর্শকদের উপচে পড়া ভিড়।
খুদে উদ্যোক্তাদের আনন্দ
উৎসবের প্রধান কারিগর ছিল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাদের নিপুণ হাতে তৈরি পিঠা এবং শৈল্পিক সাজসজ্জা দেখে আগত দর্শনার্থীরা অভিভূত হন। ছোট ছোট ছেলে-মেয়েদের এই উদ্যোক্তা সুলভ মানসিকতা সবাইকে মুগ্ধ করেছে। সরেজমিনে দেখা যায়, উৎসবের শুরু থেকেই বিক্রি ছিল তুঙ্গে, যা আয়োজকদের মুখে হাসি ফুটিয়েছে।
বিকেলে বসবে সুরের আসর
পিঠা উৎসবের এই আমেজ সন্ধ্যা অবধি বজায় থাকবে। আয়োজক কমিটি জানিয়েছে, বিকেল ৩টা থেকে শুরু হবে এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা কবিতা আবৃত্তি, গান এবং দেশাত্মবোধক নাচের মাধ্যমে উপস্থিত সবাইকে মাতিয়ে তুলবে।
শীতের আমেজে এ যেন এক অন্যরকম প্রাণের মেলা, যা আমবাগ এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।










