নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে আসবে কমনওয়েলথের শক্তিশালী দল
কমনওয়েলথ জানিয়েছে, নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বে একটি সচিবালয় দল পর্যবেক্ষক দলকে সহায়তা করবে।
আশিকুর রহমান মাহী:
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। দলের নেতৃত্বে থাকছেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-অ্যাডো।
বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে এই পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন।
মহাসচিব শার্লি বোচওয়ে বলেন, “বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য এই দল মোতায়েন করা আমাদের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করার এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখার ওপর আমাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। আমাদের উপস্থিতি শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং তাদের ইচ্ছার অবাধ প্রকাশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দ্বারা পরিচালিত।”
তিনি আরও বলেন, “কমনওয়েলথের নাগরিকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা নতুন বছরের শুরুতেই বাংলাদেশের জনগণের সমর্থনে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে উৎসর্গ করেছেন।”
কমনওয়েলথ জানিয়েছে, নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বে একটি সচিবালয় দল পর্যবেক্ষক দলকে সহায়তা করবে। পর্যবেক্ষক দলের প্রধান দায়িত্ব হলো—নির্বাচনী প্রক্রিয়া মনিটর করা এবং নিশ্চিত করা যে নির্বাচন ও গণভোট স্বচ্ছ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হচ্ছে।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










