সীতাকুণ্ডে গভীর রাতে গরুর খামারে ডাকাতি ১৫ লাখ টাকার গরু লুট

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের মাইলের মাথা এলাকায় অবস্থিত ‘এন আই এগ্রো’ নামের খামারে এ ডাকাতির ঘটনা ঘটে

সীতাকুণ্ডে গভীর রাতে গরুর খামারে ডাকাতি ১৫ লাখ টাকার গরু লুট
ছবি- অনলাইন হতে সংগৃহীত

মোশারফ হোসেন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গভীর রাতে একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল খামারের সব গরু লুট করে নিয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়েছেন তরুণ উদ্যোক্তা নজরুল ইসলাম। সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের মাইলের মাথা এলাকায় অবস্থিত ‘এন আই এগ্রো’ নামের খামারে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল খামারে হানা দেয়। তারা খামারের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে পাহারায় থাকা ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়। খামার মালিক নজরুল ইসলাম স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে চার বছর আগে একটি মোটরসাইকেল কোম্পানির চট্টগ্রাম জেলা ব্যবস্থাপকের চাকরি ছেড়ে নিজ এলাকায় গরুর খামার গড়ে তোলেন।

খামারে মোট ১৩টি গরু ছিল, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এর মধ্যে চারটি গরুর অংশীদার ছিলেন তাঁর চাচা ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন জানান, ডাকাতেরা মুখ বাঁধা অবস্থায় খামারে ঢুকে তাঁকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখে। তাঁর চোখের সামনেই একে একে গরুগুলো গাড়িতে তুলে নিয়ে যায় তারা। পরে কোনোভাবে নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নজরুল ইসলামের চাচাতো ভাই মোহাম্মদ সালাউদ্দিন জানান, ডাকাতেরা গরুগুলো নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে ঢাকার দিকে চলে যায়। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় খামার মালিক নজরুল ইসলাম মঙ্গলবার সকালে সীতাকুণ্ড থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও লুট হওয়া গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। ডাকাতির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন উদ্যোক্তা নজরুল ইসলাম। স্বজনদের ভাষ্য, এক রাতেই সর্বস্ব হারিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম-জেলা