সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩৭ জন

সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প, চিকিৎসা পেলেন ১৩৭ জন
ছবিঃ দৈনিক ক্রাইম ডায়রি

হাতিম বাদশাঃ

'সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষায়িত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প।

বুধবার আয়োজিত এ ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মোট ১৩৭ জন চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ, কালো চশমা এবং পাওয়ার চশমা বিতরণ করা হয়।

চিকিৎসকরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চোখের চাপ, রক্তচাপ, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ছানিজনিত কারণে দৃষ্টিশক্তি হারানো রোগীদের শনাক্ত করে পরবর্তী সময়ে বিনামূল্যে ছানি অপারেশন ও আইওএল লেন্স প্রতিস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, সমাজের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত। 'সবার আগে বাংলাদেশ' চেতনাকে ধারণ করে সবাই নিজ নিজ সামাজিক দায়িত্ব পালন করলে সমাজে সহযোগিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহণকারী রোগীরা। অনেকেই জানান, দায়িত্ব পালনের ব্যস্ততায় দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি। এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

আয়োজকদের মতে, পুলিশ সদস্যদের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমিয়ে আনাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. ফজলুল হক কাশেম, সেক্রেটারি ড. মোহাম্মদ মনির হোসেন, অধ্যাপক ড. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, ট্রাফিক স্কুলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সেবাগ্রহণকারী রোগীরা।

মানবিক উদ্যোগ, উন্নত চিকিৎসাসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে 'সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে আরও অর্থবহ করে তুলেছে এই ব্যতিক্রমী আয়োজন।

দৈনিক ক্রাইম ডায়রি // স্পেশাল