কোভিড-১৯ দুই শিশুসহ আরও তিন জনের শনাক্ত, তাদের লক্ষণ-উপসর্গ মৃদু

এক দুই তিন ডেস্কঃ

কোভিড-১৯ দুই শিশুসহ আরও তিন জনের শনাক্ত, তাদের লক্ষণ-উপসর্গ মৃদু
প্রতীকী ছবি

দেশে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছেন। তারা দ্বিতীয় দফায় শনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজনের পরিবারের সদস্য। ওই দু’জনেই সম্প্রতি বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত একজন রোগীর পরিবারের সদস্য। তাদের যেহেতু কন্ট্রাক্ট ট্রেসিং করার সময় ওই রোগীর পরিবারের সদস্যদের মধ্যে উপসর্গ পাওয়া যায়। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ওই পরিবারের সদস্যদের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এরই মধ্যে নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের লক্ষণ-উপসর্গ মৃদু। তাদের শারীরিক অবস্থা ভাল। কিন্তু তাদের কাছ থেকে যাতে অন্যদের মধ্যে জীবাণু ছড়িয়ে না পড়ে তা ঠেকাতে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিনজন সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৫ জন।

এখনও আইসোলেশনে রয়েছেন আরও ১০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের রয়েছেন ৪ জন।

আগের আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে নতুন করে এই আক্রান্তের ঘটনা ঘটেছে। যারা বাইরে থেকে আসছে তারা যাতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পরিবারের সদস্যদের থেকেও দূরত্ব বজায় রাখেন সে বিষয়ে আবারও অনুরোধ জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

নমুনা দিতে বা করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে সেবা পেতে কাউকে আইইডিসিআর এর কার্যালয়ে যেতে মানা করা করা হয়েছে।

এর পরিবর্তে হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজন মনে হলে আইইডিসিআর এর সদস্যরাই গিয়ে নমুনা পরীক্ষা করবেন বলে জানান তিনি।

এসএমএম