আজ উত্তরবঙ্গ সফরে তারেক রহমান, তিন জেলায় নির্বাচনি কর্মসূচি
শরীফা আক্তার স্বর্না:
নির্বাচনি মাঠ চাঙা করতে আজ উত্তরবঙ্গের তিনটি জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই এসব জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি।
সফরের প্রথম পর্যায়ে বেলা সাড়ে ১১টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে সমাবেশস্থলসহ পুরো শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সকাল থেকেই মাঠে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষে দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর দিনের শেষ কর্মসূচি হিসেবে তিনি দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন।
দলের শীর্ষ নেতার এই সফরকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা ও সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি










