তিন ধাপে আসছে নতুন পে-স্কেল, ১ জুলাই থেকে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
ডেস্ক রিপোর্ট:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হতে যাচ্ছে নবম জাতীয় পে-স্কেল। একসঙ্গে নয়, ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হতে পারে। প্রথম দুই বছরে মূল বেতনে পর্যায়ক্রমে ৫০ শতাংশ করে সমন্বয় করা হবে, আর তৃতীয় বছরে যুক্ত হবে বিভিন্ন ভাতা ও অতিরিক্ত সুবিধা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পুনর্গঠিত কমিটির সুপারিশ চূড়ান্ত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে নবম পে-স্কেল কার্যক্রম শুরু করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রথম ধাপে বর্তমান মূল বেতনের সঙ্গে অতিরিক্ত ৫০ শতাংশ সমন্বিত বেতন যুক্ত হবে। পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আবারও একই হারে সমন্বয় করা হবে। তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা তখনই পুরোপুরি কার্যকর হবে না।
কমিটির সুপারিশে বলা হয়েছে, এসব ভাতা ও বিশেষ সুবিধা ২০২৮-২৯ অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হতে পারে। সরকারের ওপর এককালীন বড় আর্থিক চাপ এড়াতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও আলাদা নির্দেশনা থাকতে পারে।
সূত্র আরও জানিয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কারণ মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ পড়ছে এই শ্রেণির কর্মীদের ওপর। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের বৈষম্য কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অন্যদিকে, পেনশনভোগীদের সুবিধা বৃদ্ধির বিষয়েও সুপারিশ রয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে শতভাগ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য প্রায় ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে।
অর্থনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তারা বলছেন, বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় নতুন পে-স্কেল সময়োপযোগী উদ্যোগ। তবে অর্থনীতির চাপ বিবেচনায় একবারে সব সুবিধা না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলকে তারা বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










