জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান
৮১তম সাধারণ পরিষদের সভাপতির অফিসে ৪০ সদস্য, বাংলাদেশি ছয়জন
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা (Legal Officer) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের টিম তালিকায় জাইমা রহমানকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আইন কর্মকর্তা পদে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা ও কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের নাগরিক ছয়জন। জাইমা রহমানের দায়িত্বের মধ্যে সভাপতির কার্যালয়ের আইনসংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশি কূটনীতিক মো. আব্দুল আলিম দায়িত্ব পেয়েছেন ডেপুটি শেফ দ্য ক্যাবিনেট (Deputy Chef de Cabinet) হিসেবে। জাতিসংঘের প্রোফাইল অনুযায়ী, তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, আন্তঃসরকারি আলোচনা, টেকসই উন্নয়ন, জলবায়ু এবং উন্নয়ন অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।
এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রয়েছেন। জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাইমা রহমান আইন বিষয়ে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি সম্পন্ন করেছেন। তিনি যুক্তরাজ্যের Honourable Society of the Inner Temple-এর মাধ্যমে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। জাতিসংঘের প্রকাশিত জীবনীতে বলা হয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশে তাঁর আইন ও নীতিনির্ধারণসংক্রান্ত পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে তিনি Syed Ishtiaq Ahmed & Associates-এর সঙ্গে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং করসংক্রান্ত বিষয়ে কাজ করেছেন।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তাঁর কার্যালয়ে বিভিন্ন অঞ্চল ও দেশের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন এবং পাঁচটি আঞ্চলিক গোষ্ঠী ও জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার প্রতিনিধিত্ব রয়েছে।
জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের নিয়মিত কর্মচারী নন এবং এ পদে তিনি জাতিসংঘ থেকে নিয়মিত বেতন পান না। সভাপতির বেতন-ভাতা ও আবাসনসহ বিভিন্ন ব্যয় সাধারণত সংশ্লিষ্ট দেশ বা সরকার বহন করে; তবে কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট বা ট্রাস্ট ফান্ড থেকেও নির্দিষ্ট ব্যয় নির্বাহ হতে পারে।
জাতিসংঘের সভাপতির কার্যালয়ে বাংলাদেশের ছয়জনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এবং জাইমা রহমানের আইন কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্তি ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের উপস্থিতির একটি উল্লেখযোগ্য দিক হিসেবে সামনে এসেছে।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










