নির্বাচনি মাঠে জামায়াত: মেহেন্দীগঞ্জে আজ জনসভায় বক্তব্য দেবেন আমির

নির্বাচনি মাঠে জামায়াত: মেহেন্দীগঞ্জে আজ জনসভায় বক্তব্য দেবেন আমির
ছবি- অনলাইন হতে সংগৃহীত

জুয়েল মাঝি, বরিশাল ব্যুরোঃ

নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার তিনি মেহেন্দীগঞ্জ উপজেলায় আয়োজিত এক বড় জনসভায় যোগ দেবেন।
জামায়াতে ইসলামীর উদ্যোগে বেলা ১১টায় মেহেন্দীগঞ্জ উপজেলা শহরের আরসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াত আমিরের। সভাকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ইতোমধ্যে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে এসে জড়ো হয়েছেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আরসি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠের পাশাপাশি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকাতেও ভিড় লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় দলের স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন।
নির্ধারিত সময় অনুযায়ী ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মেহেন্দীগঞ্জে পৌঁছে সরাসরি জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

দৈনিক ক্রাইম ডায়রি // রাজনীতি