এনআরসি ভারতের অভ্যন্তরীণ ইস্যু, বাংলাদেশের না: বাংলাদেশে এসে বললেন ভারতের পররাষ্ট্র সচিব

এক দুই তিন ডেস্কঃ

এনআরসি ভারতের অভ্যন্তরীণ ইস্যু, বাংলাদেশের না: বাংলাদেশে এসে বললেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন- এনআরসি একান্তই অভ্যন্তরীণ বিষয়।
এটা প্রতিবেশী দেশে প্রভাব ফেলবে না। বাংলাদেশকে এ নিয়ে ভাবার প্রয়োজন নেই।

ভারতের আদালতের নির্দেশনা অনুযায়ীই এনআরসি হচ্ছে।

আজ সোমবার (০২ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ এবং ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’-শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল শেখ মাসুদ আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম প্রমুখ।

সোমবার সকালে বিশেষ বিমানে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরের সময় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তিনি একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনেরও সঙ্গেও বৈঠক করবেন।

মঙ্গলবার (০৩ মার্চ) শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন। ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে কানেকটিভিটি নিয়ে দুইটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।