ভোটের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা বলেন, এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো শান্তিপূর্ণ ও সুষ্ঠু উপায়ে ভোটগ্রহণ সম্পন্ন করা।
ডেস্ক রিপোর্ট:
আগামী কয়েক দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি এখন পর্যন্ত সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং এ নিয়ে তিনি আশাবাদী।
প্রধান উপদেষ্টা বলেন, এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো শান্তিপূর্ণ ও সুষ্ঠু উপায়ে ভোটগ্রহণ সম্পন্ন করা। এই লক্ষ্য অর্জনে সামনের এক সপ্তাহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
পরে শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সভায় বলেন—দেশজুড়ে নির্বাচনী প্রচারণা উৎসবমুখর ও শান্ত পরিবেশে চলছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ বা অশালীন বক্তব্য চোখে পড়ছে না।
তিনি আরও বলেন, সৌজন্যপূর্ণ আচরণ ও সংযত ভাষার এই চর্চা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি আশাব্যঞ্জক ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
দৈনিক ক্রাইম ডায়রি//জাতীয়










