বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শরীফা আক্তার স্বর্না:
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচির অংশ হিসেবে তিনি সরাসরি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুবিধাভোগী পরিবার নির্ধারণে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি কমিটি কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের নারীরা এ সহায়তার আওতায় আসবেন। প্রতিটি যোগ্য পরিবার থেকে একজন নারী সদস্যকে কার্ডধারী হিসেবে নিবন্ধিত করা হবে।
চার মাস মেয়াদি পাইলট প্রকল্পের মাধ্যমে কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন করা হবে। সফলতা পাওয়া গেলে ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলাতেও এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










