আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার চাকরি জীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন।
তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শাহাদাত হোসেন রিটন:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদারকে। সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার চাকরি জীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।
এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা।
ক্রাইম ডায়রি// জাতীয়










