জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আলাউদ্দিন সোহেলঃ
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিল্প ও বাণিজ্যের অগ্রগতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার টেবিলে উঠে আসে।
বৈঠককালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।
অপরদিকে, জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

দৈনিক ক্রাইম ডায়রি // রাজনীতি