জীবিত’ খালেদা জিয়ার মুক্তি নিয়ে শঙ্কায় স্বজনরা

এক দুই তিন ডেস্কঃ

জীবিত’ খালেদা জিয়ার মুক্তি নিয়ে শঙ্কায় স্বজনরা
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার মেঝ বোন সেলিমা ইসলাম

কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় মুক্তি পাবেন কি না- এমন শঙ্কা প্রকাশ করেছেন তার মেঝ বোন সেলিমা ইসলাম। মানবিক বিবেচনায় সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মানবিক কারণে এবং শরীরের অবস্থা বিবেচনা নিয়ে তাকে মুক্তি দেয়া উচিত। এখন তার শরীরের যে অবস্থা, এরপর তাকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারব কি না, জানি না!

শনিবার (৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে নিজের এ শঙ্কার কথা জানান তিনি।

সেলিমা ইসলাম বলেন, উনার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে। কোনো কিছুর পরিবর্তন হয়নি। শ্বাসকষ্টের কারণে উনি নিঃশ্বাস নিতে পারছেন না। তার বাঁ হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারেন না, খেতে পারছেন না। কিছু খেলেও বমি হয়ে যাচ্ছে। আগের মতোই খালেদা জিয়ার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা।

খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিম ইসলাম বলেন, ‘উনি এসব বিষয়ে সব কিছু জানেন। এ বিষয়ে তিনি আর কী বলবেন!’ 

মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিমা ইসলাম বলেন, আমরা চাচ্ছি সরকার মানবিক দিকটা বিবেচনা করে তাকে (খালেদা জিয়া) মুক্তি দিক। আমরা এটাই তাদের কাছে আবেদন করছি। এটাই আমাদের চাওয়া।

এর আগে বিকাল ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার স্বজনরা। এসময় তার মেঝ বোন সেলিম ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।